প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
‘বিশ্বের সেরা খেলোয়াড় আর নেই, আমরা সেই সুবিধা নেব’

নভেম্বরের ফিফা উইন্ডোতে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও উরুগুয়ে মুখোমুখি হবে। যা হবে মহাতারকা লিওনেল মেসির অবসর পরবর্তী আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই তাই তার প্রসঙ্গ আসছে। মেসিকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ উল্লেখ করে তার অনুপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন উরুগুইয়ান তারকা রোনাল্দ আরাউহো। আর এই সুবিধাটাই নিতে চায় উরুগুয়ে।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় বুয়েনস আয়ার্সের বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচ নিয়ে তারকা ডিফেন্ডার আরাউহো বলছেন, ‘দিন শেষে তারা বিশ্বের সেরা ফুটবলারকে (মেসি) হারিয়েছে এবং আমরা সেই সুবিধা নিতে যাচ্ছি।’ পরেই আবার বাস্তবতা মেনে তিনি বলেন, ‘তাদের আরও বড় খেলোয়াড় এবং খুবই প্রতিভাবান কিছু তরুণ আছে, তাদের উপেক্ষা করা যাবে না। তারা শক্তিশালী প্রতিপক্ষ।’
আর্জেন্টিনার বিপক্ষে চ্যালেঞ্জিং ও কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে এখনই আঁচ করতে পারছেন আরাউহো। নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখার বিষয়ে উরুগুয়ের সংকল্পের ওপরও জোর দিয়েছেন তিনি, ‘আর্জেন্টিনার বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন, তবে আমরা আমাদের খেলার ধরন তুলে ধরব এবং জাতীয় দল হিসেবে ক্রমাগত উন্নতি করে যাব।’
এদিকে, উরুগুয়ের তারকা মিডিফিল্ডার ফেদেরিকো ভালভার্দে লা বোম্বোনেরাতে দুই দলের সর্বশেষ লড়াইয়ের কথা স্মরণ করলেন, ওই ম্যাচে উরুগুয়ে ২-০ ব্যবধানে জিতেছিল। সেটি ছিল মার্সেলো বিয়েলসার অধীনে দলটি সেরা পারফরম্যান্সগুলোর একটি। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার চোটের কারণে অক্টোবরের দল থেকে বাদ পড়ার পর আবারও দলে ফিরেছেন। তিনি বলেন, ‘এই বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কারণ আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সর্বশেষ জয়টি এসেছিল সেখানেই এবং আমার মনে হয় আমরা দারুণ একটি ম্যাচ খেলেছিলাম।’
অন্যদিকে, আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়ের প্রসঙ্গে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং তার মতো আর কেউ কখনও আসবে না।’ ম্যাক অ্যালিস্টার আবার লিভারপুল ক্লাবে আরাউহোর সতীর্থ। ফলে দুজনের মাঝে সেই সম্পর্ক মুখোমুখি অবস্থানে আসবে জেনে খোঁচা দিতে ছাড়লেন না উরুগুয়ে তারকা।
বার্সেলোনা থেকে চলতি মৌসুমে ধারে লিভারপুলে যাওয়া আরাউহো জানান, লিভারপুলে তার সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে তিনি ইতোমধ্যেই সেই ম্যাচটি নিয়ে কথা বলেছেন। তার একে অপরকে কিছু খোঁচাও দিয়েছেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।